রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীন কন্টেইনমেন্টে ডোমের ধাতব কাঠামো স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ডোমের ওপরের অংশের ব্যাস ৩৫.৭ মিটার এবং ওজন ১৯৪ টন। এই কাঠামোটি ৫১.৭ মিটার উচ্চতায় নকশা অনুমোদিত স্থানে স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্থাপনাটির উচ্চতা দাঁড়িয়েছে ৬০.৫ মিটার। বুধবার (২৯ জুন) দুপুরে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ডোম স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরী ইত্তেফাককে জানান, অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম স্থাপন ২০২২ সালের জন্য একটি মাইলফলক ঘটনা। গত বছর আমরা প্রথম ইউনিটে এজাতীয় কাজ সম্পন্ন করেছি। এর ফলশ্রুতিতে বর্তমান ডোমটি স্থাপনে প্রাক-সংযোজন সময় লেগেছে মাত্র ১৫১ দিন, যা পূর্বের তুলনায় ৫৬ দিন কম। ডোমের দু’টি অংশের ওয়েল্ডিং সম্পন্ন করার পর এর কংক্রিট ঢালাই করা হবে।
প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোম দুই ধাপে সম্পন্ন হয়েছে। ডোমের নিচের অংশটির ব্যাস ছিল ৪২.৮ মিটার এবং ওজন ১৯৫ টন, যা ২০ জুন নকশা অনুমোদিত স্থানে স্থাপিত হয়।
জানা গেছে, অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের সংযোজন এবং স্থাপনের কাজে নিয়োজিত রয়েছে রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ ট্রেস্ট রোসেম এর শাখা অফিসের বিশেষজ্ঞরা।
ডোমের ওপরের অংশ উত্তোলনে এবং স্থাপনে ব্যবহৃত হয় ১৩৫০ টন ক্ষমতাসম্পন্ন লিবার এলআর-১১৩৫০ ক্রেন। ডোমের এই অংশটি উত্তোলনে ব্যয় হয় ৪ ঘণ্টা। ডোম স্থাপন প্রক্রিয়াটি যথেষ্ট জটিল কারণ দু’টি অংশকে নকশা অনুমোদিত স্থানে অত্যন্ত নির্ভুলভাবে স্থাপন অতি জরুরী। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ হলো অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট। এটি শুধু রিয়্যাক্টর কম্পার্টমেন্টকেই সুরক্ষা দেয় না বরং রিয়্যাক্টর সার্ভিসিং-এর জন্য প্রয়োজনীয় পোলার ক্রেনও ধারণ করে এটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগা-ওয়াট। প্রকল্পে ৩+ প্রজন্মের দু’টি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে। রাশিয়ার এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রাশিয়ার রসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগ।