রাজবাড়ীর পাংশা উপজেলায় ইউপি সদস্য মোহাম্মদ ফয়জুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান পাট্টা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, ফয়জুল রহমান ইউনিয়নের বাহের মোড় বাজার থেকে তেবাড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে ভ্যানে করে ফিরছিলেন। কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের কুমরী রানী গ্রামে পৌঁছালে পাশের পাট ক্ষেত থেকে মুখ বাধা অবস্থায় ৫/৭ জন ব্যক্তি এসে ফয়জুর রহমানকে ভ্যান থেকে নামিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। যে ভ্যানে করে তিনি বাড়ি যাচ্ছিলেন, সেই ভ্যানে চালকসহ মোট তিনজন ছিলেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার এস আই মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাটি কালুখালীর মধ্যে ঘটেছে। লাশ কালুখালি থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।