স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপ গতকাল অনুশীলনে ডান হাতে চোট পেয়েছেন। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
এ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে কুশল পেরেরাকে বল করছিলেন প্রদীপ। সেখানে পেরেরার একটি শট সরাসরি প্রদীপের মাথার দিকে দ্রুতবেগে ছুঁটে আসে। ডানহাতে মুখ আড়াল করেন লঙ্কান এ পেসার। এতে মাথায় আঘাত থেকে বাঁচলেও ডান হাতের আঙুলে চোট পান তিনি। তত্ক্ষণাত্ হাসপাতালে পাঠানো হলেও ধারণা করা হচ্ছে এ চোটে বিশ্বকাপই শেষ হয়ে যেতে পারে প্রদীপের।
চলতি বিশ্বকাপে তিন ম্যাচে লঙ্কানদের জয় একটি। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ওই জয়ে বড় অবদান ছিল প্রদীপের। ৩১ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। চোটের কারণে যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে আর না খেলতে পারেন প্রদীপ, তবে এটি হবে শ্রীলঙ্কার পেস আক্রমণের জন্য বড় ধাক্কা। এবং দারুণ ছন্দে থাকা ও ইনফর্ম প্রদীপের ছিটকে পড়া শ্রীলঙ্কার সেমিতে খেলার সম্ভাবনাও অনেকখানি কমিয়ে দেবে।
প্রদীপের ইনজুরিতে কপাল খুলে যেতে পারে আরেক পেসার কুশান রাজিথার। বর্তমানে স্ট্যান্ড বাই হিসেবে শ্রীলঙ্কা দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করছেন তিনি।