উইন্ডিজকে চৌকশ হতে লয়েডের আহ্বান

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ তাদের বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনটা পাকিস্তানের বিপক্ষে বিধ্বংসী এক জয় দিয়েই শুরু করেছিলো। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেও হেরেছে তারা। আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবার আগে দলটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ক্যারিবীয়দের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একটা বড় সময় ধরে জয়ের কক্ষপথেই ছিলো ক্যারিবীয়রা। তারপরও ম্যাচটি হারের পেছনে চৌকস ক্রিকেটের অনুপস্থিতিকেই দায়ী করছেন লয়েড। দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচের আগে তাই দলের খেলায় আরো বুদ্ধিদীপ্ততার ছাপ দেখতে চাইলেন লয়েড।

বিশ্বকাপজয়ী সাবেক উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘উইন্ডিজের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলা শুরু করা উচিত কেন না দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বড় দুটি খেলা আছে তাদের। আমি নিশ্চিত তারা পরের পর্বে যেতে চায়। আর তা করতে হলে নিজেদের সেরা খেলাটা দিতে হবে তাদের।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে অন্তিম সময়ে ছন্দপতন ঘটেছিলো ক্যারিবীয়দের। লয়েডের মতে এই সময়ে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে দলের, ‘খেলা জেতানোর মতো খেলোয়াড় থাকতে হবে তাদের বিশেষ করে তখন যখন পিচ কিছুটা ধীরগতির হয়ে আসে এবং বাউন্স আর মুভমেন্টও কমে যায়।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি অন্য কোনো দিনে, পরিস্থিতিটার আরো ভালো বিশ্লেষণ করলে তারা জিততেও পারতো ম্যাচটা। যার ফলে তারা পরের পর্বে যাওয়ার ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতো।’

উইন্ডিজ আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে যারা বিশ্বকাপের শুরুর তিনটি ম্যাচেই ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরে বেশ চাপে আছে। প্রতিপক্ষের এমন অবস্থায় দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও উত্তরসূরীদেরকে বিপক্ষ ও নিজেদের পারফর্মেন্স সম্পর্কে সতর্ক থাকতে বললেন।

লয়েডের ভাষায়, ‘পরের খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যারা এখনো তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। তবে ম্যাচটা হারলেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যেতে পারে এমন ভয় আছে তাদের আর তাই উইন্ডিজকে নিজেদের খেলা নিয়ে সতর্ক থাকতে হবে। জয়ের ধারায় ফেরার জন্য এখন তাদের আবারো সংগঠিত হতে হবে। নিজেদের ভুলগুলোকে চিহ্নিত করতে হবে এবং তা শুধরে নিতে হবে। আমি এখনো ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে ইতিবাচকই আছি।’

আজ ক্যারিবীয়ানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচ জয় আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচে গেইল-হোল্ডাররাই ফেবারিট। আর টানা তিন ম্যাচ হারের পরে ধুকছে দক্ষিণ আফ্রিকা। যদিও বিশ্বকাপের পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদেরই। কারণ ছয়বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকা জিতেছে চারবার। আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দু’বার।