স্পোর্টস ডেস্ক
সাবেক অজি ক্রিকেটার অ্যাশলে বার্টি ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে মারকেতা ভন্দ্রৌসোভাকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেছেন। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর বার্টি জানান ক্রিকেট ছেড়ে টেনিসে ফেরাটা তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।
তেইশ বছর বয়সী বার্টি ক্যারিয়ারের শুরুটা টেনিস কোর্টেই করেছিলেন। ২০১৪ সালে টেনিস থেকে সাময়িক অবসর নেন তিনি। এরপর ক্রিকেট মাঠেও ছিল তার পদচারণা। ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন নারীদের বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগেও। ২০১৬ সালে আবারও টেনিসে ফেরেন তিনি। এরপর চারটি শিরোপা জিতলেও গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে উঠছিল না তার। এবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে অধরা সেই গ্র্যান্ড স্ল্যামও ধরা দিল বার্টির হাতে।
শনিবার রোঁলা গারোর ফাইনালে ১৯ বছর বয়সী চেক প্রতিপক্ষ ভন্দ্রৌসোভার বিপক্ষে সহজ এক জয় পান তিনি। এক ঘণ্টা নয় মিনিট দীর্ঘ ফাইনালে ৬-১, ৬-৩ গেমে জেতেন তিনি। ফলে মার্গারেট কোর্টের পর প্রথম কোনো অজি খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের শিরোপা ওঠে বার্টির হাতে।
জয়ের প্রতিক্রিয়ায় বার্টি বলেন, ‘আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি আমি এখানে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতবো।’ টেনিস থেকে বিরতিতে না গেলেও শিরোপা জিততেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না। সাময়িকভাবে সরে না দাঁড়ালে আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম কি না তা কল্পনাও করতে পারছি না।’ তবে তিনি জানান আবারও টেনিসে ফেরার সিদ্ধান্তটাই তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল, ‘আমার তখন মনে হয়েছিল সেটা (টেনিস ছাড়ার সিদ্ধান্ত) সেরা সিদ্ধান্ত, কিন্তু ফিরে আসার সিদ্ধান্তটাকে আমি তার চেয়েও এগিয়ে রাখবো।’