প্রথমবার ফোক গানে প্রমা

এ সময়ের কণ্ঠশিল্পী প্রমা শেখ। আধুনিক রোমান্টিক গান গেয়ে দর্শক-শ্রোতার মন জয় করেছেন। ঈদ উপলক্ষে তিনি উপহার দিতে যাচ্ছেন নতুন গান। তবে এবার অন্যভাবে হাজির হচ্ছেন প্রমা। প্রথমবার গেয়েছেন ফোক ঘরানার গান। সম্প্রতি যার রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন এ শিল্পী।

প্রমা এ প্রতিবেদককে জানান, ‘সবসময় আধুনিক গান করেছি। এবারই প্রথম ফোক গান করলাম। ‘ও দয়াল’ শিরোনামের গানটি ধ্র‚ব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ পাবে। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে। আগামীতে আরও ফোক গান করব। আরেকটি ফোক গানের রেকর্ডিং সম্পন্ন করেছি।’

জানা গেছে, এন আই বুলবুলের লেখা গানটির সংগীত আয়োজন করেছেন এনএইচ শিহান এবং সুর করেছেন এসকে সানু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। নিজের গানে মডেল হয়েছেন শিল্পী প্রমা।

এর আগে ভালোবাসা দিবসে নিজের ইউটিউব চ্যানেলে প্রমা প্রকাশ করেন ‘স্বপ্ন উড়াই চলো’। প্রতি বছর কয়েকটি হামদ-নাত প্রকাশ করেন প্রমা। আগামীতেও সেই ধারাবাহিকতা থাকবে বলে জানান। ইতোপূর্বে বেশকিছু দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন প্রমা। এখন মনোযোগ দিয়েছেন একক গানে। প্রতিটি গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন এ শিল্পী। কিন্তু সিডি অ্যালবামের সময় মিস করেন।

প্রমা বলেন, ‘একসময় ভাবা হতো শিল্পী ক্যামেরার সামনে আসবে না। এখন সেই ভাবনার পরিবর্তন হচ্ছে, শিল্পী নিজের গানে মডেল হচ্ছেন। নিজের গানকে ভালো করে প্রচারের সুযোগ পাচ্ছেন। তবে সিডি অ্যালবাম উপহার দেওয়ার সংস্কৃতি খুব মিস করি। একটি মিউজিক ভিডিওর মাধ্যমে গান প্রকাশ করলে অ্যালবামের যে অনুভূতি তা পাওয়া যায় না।’

এদিকে গানের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রমা। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন তিনি। ঈদের পর সৌদি আরব প্রবাসী বাঙালিদের জন্য জেদ্দায় আয়োজন করতে যাচ্ছেন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের।