হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে আফগানিস্তানের ওপেনার ও উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের। ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত এই ওপেনারকে। কিন্তু সম্প্রতি শাহজাদ বলেছেন, তিনি পুরো ফিট এবং বিশ্বকাপ থেকে তাকে বাদ দেওয়ার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) দুষছেন তিনি। এমনকি তাকে সরিয়ে দেওয়ার আগে কোনো আলোচনাই নাকি করেনি এসিবি।
আফগানিস্তানের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইব্রাহিম মোমান্দ নিজের টুইটারে এই খবর প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার কোনো ইনজুরি বা সমস্যা নেই। এবং আমি পুরো ফিট। কিন্তু এসিবি কর্মকর্তারা কোনো আলোচনা ছাড়াই জোর করে আমাকে দল থেকে বের করে দিয়েছে, বলেছেন হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মোহাম্মদ শাহজাদ। মিডিয়ার কাছে পাঠানো এক ভয়েস ক্লিপে এমনটা বলেছেন শাহজাদ। আগামীকালই (আজ) দেশে ফিরছেন তিনি।’
বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় বেশ আবেগাক্রান্ত হয়ে পড়েছেন এই আফগান ক্রিকেটার। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছেন শাহজাদ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেন তিনি। তারপরই তার হাঁটুর ইনজুরি ধরা পড়ে। এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।
জানিয়ে রাখা ভালো, তার বদলি হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রেক্ষিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দলে ডেকেছে ইকরাম আলী খিলকে। খিল এর আগে দুই ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন। গেল মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দেরাদুনে অভিষেক হয় তার। ২০১৭ সালে আফগানদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের বড় নায়ক ছিলেন তিনি। অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার তাকে সুযোগ দেওয়া হলো বিশ্বকাপের মঞ্চে।