ছোটদের সিনেমায় মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা শিশুতোষ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। এতে আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ। সিনেমাটির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। আগামী ২০ জুলাই থেকে শুটিং শুরু হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। যদিও সেই শুটিংয়ে যোগ দিতে পারছেন না মিথিলা। তিনি জানিয়েছেন, অক্টোবরের আগে অফিসের ট্যুর থেকে ফ্রি হতে পারছেন না। তাই মিথিলার অংশের কাজ হবে অক্টোবরের পরে।

জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মিথিলা থাকবেন উগান্ডা, তানজানিয়া আর সিয়েরা লিওনের শিশুদের পাশে। ব্র্যাকের পক্ষ থেকে এসব দেশের শিশুদের জন্য কাজ করবেন তিনি।

মিথিলা বলেন, ‘আমার জীবনের প্রায় পুরোটাই তো কাটিয়ে দিচ্ছি বাচ্চাদের সঙ্গে। এটা আমি খুব উপভোগ করছি। পরিচালক লুবনা শারমিন আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানালেও এটাই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য।’