ক্যারিবিয়ানে যাওয়ার আগে কিছুটা অভিমানের সুরেই তামিম ইকবাল বলেছিলেন, টি-২০ ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন না। মিডিয়া কিংবা বোর্ডের অন্যরা তার ক্যারিয়ার নিয়ে কথা বলে যাচ্ছে। গত জানুয়ারিতে বিপিএল চলাকালীন এ ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তিনি। যার মেয়াদ শেষ হবে আগামী মাসে।
পরে তামিমের মন্তব্য নিয়ে সোজাসাপ্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি নিজে এবং বোর্ড থেকে অনেকবারই বাঁহাতি এ ওপেনারের সঙ্গে টি-২০ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ফিরতে রাজি হননি তামিম। অথচ এই ফরম্যাটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি।
বিসিবি সভাপতি আরো বলেছিলেন, ‘আমরা চাই সে (টি-২০) খেলুক। এখন সে কি খেলবে? সে কি বিশ্বকাপে খেলতে চায়? যদি খেলতে চায়, তাহলে তাকে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে হবে।’ গতকাল চোটাঘাতের কারণে কয়েকটি পরিবর্তন এনে নতুন করে ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ম্যাচের সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু ১৪ সদস্যের এই দলে নাম নেই তামিমের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামীকালই উইন্ডিজদের বিরুদ্ধে টি-২০ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দুই টেস্টে খেলা তামিম এখন ক্যারিবিয়ানেই আছেন। টি-২০ সিরিজের পরই স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যেখানে বাংলাদেশের নেতৃত্ব দিবেন তামিম। খুদে সংস্করণের সিরিজটা চলবে ২ থেকে ৭ জুলাই। সফরে থেকেও এই কয়টা দিন হয়তো অলস সময় কাটবে তামিমের। সঙ্গে দল ঘোষণার পর এই আলোচনাও জোরালো হচ্ছে যে, তামিম আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবেন কি? এই সিরিজের পর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে তিনটি ম্যাচ এবং এশিয়া কাপে খেলবে বাংলাদেশ দল। জুলাইয়ে বিরতি শেষ হলে টি-২০ নিয়ে তামিমের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে কি?
উইন্ডিজ সফরে টি-২০ সিরিজ চলাকালীন তামিমের অবস্হান নিয়ে গতকাল মন্তব্য করতে রাজি হননি জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপে অভিজ্ঞ এ ওপেনারের অংশগ্রহণ নিয়েও বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন তিনি। যদিও দেশের বাইরে থাকায় যোগাযোগ সম্ভব হয়নি অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। অবশ্য গতকাল দলসূত্রে জানা গেছে, এই সিরিজ চলাকালীন তামিম দলের সঙ্গেই থাকবেন।
বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-২০ খেলেছেন ২০২০ সালে। তারপর থেকে এই ফরম্যাটে কার্যত নির্বাসনে অভিজ্ঞ এ ওপেনার। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি। চলতি বছর অস্ট্রেলিয়ায় তাকে পাওয়া যাবে কি না, তাও অজানা। তবে আপাতত ক্যারিবিয়ানে হয়তো টি-২০ সিরিজে সতীর্থদের খেলা উপভোগের সুযোগই কাজে লাগাবেন তামিম।