শেষ হলো পদ্মা সেতুর উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আয়োজিত ৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। 

বৃহস্পতিবার  (৩০ জুন) শেষ দিন লাখো মানুষের উপস্থিতিতে নাচে গানে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ 

প্রত্যেক দিন দেশের খ্যাতিমান শিল্পীদের গান ও নাচ দেখার জন্য মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে হাজার হাজার মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন। 

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, ডেপুটি স্পিকারসহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের ২ বারের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সরকারি কর্মকর্তা ছাড়াও আরও অনেকেই।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‌‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সমাপনী দিনও দেশের খ্যাতিমান শিল্পীদের গান ও নাচ দেখার জন্য মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।’