নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পরিবহন ব্যবসায়ী আবু ছায়েদ ভূঁইয়া রিপন হত্যা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন সাইফুলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের তবারক উল্যহার ছেলে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ২৮ অক্টোবর গভীর রাতে লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জের চৌরাস্তার কাউন্টারের ম্যানেজার ও উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকাও লুট করে নিয়ে যায় হত্যাকারীরা। পর দিন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। পুলিশ ঘটনাস্থল মিরওয়ারিশপুর ইউনিয়নের বারইয়ার হাটসংলগ্ন গাছতলা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে তদন্ত চালায়। এক পর্যায়ে ঘটনার সঙ্গে সাইফুলের সম্পৃক্ততা পেলে সে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। পরবর্তীতে সাইফুলকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও মুল পরিকল্পনাকারী হিসেবে সনাক্ত করে ১নম্বর আসামি করে মামলায় দায়ের করা হয়।
ওসি আরও বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাইফুল দেশে থেকে পালাতে বিমান বন্দর এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে শুক্রবার বিকালে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আমরা সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে সাইফুলকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মীর জাহিদুল হক রনি।
হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর চিহ্নিত করে এর আগে পুলিশ অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে তারা জামিনে রয়েছে।