আদমদীঘিতে পূজামণ্ডপে হামলা

ইউপি সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার দুই

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে কালীপূজা মণ্ডপে হামলা চালিয়ে কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে থানায় ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে গোবিন্দুপর গ্রামের খোরশেদ আলমের ছেলে শামীম হোসেন ও মকবুল হোসেনের ছেলে হোসেনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর ভরনতলা কালী মন্দিরে প্রতিবছরের মতো শনিবার সকাল ১০টা থেকে ভরন পূজা শুরু হয়। একই দিনে বিকেল পাঁচটায় মিলন মেম্বারসহ ২৮/২৯ জন ব্যক্তি লোহার রোড, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূজামণ্ডপে অনধিকার প্রবেশ করে সাবেক মেম্বার আজিজারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পূজামণ্ডপে হামলা চালিয়ে পুরোহিতকে মারপিট করে হাসুয়ার কোপে কালী মূর্তির দুই হাত কেটে ফেলে পূজা ভণ্ডুল করে। যাওয়ার সময় পুরোহিতের প্রতিবেশী সুকুমারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মণ্ডপের পুরোহিত নিপেন সরকার বাদী হয়ে ইউপি সদস্য মিলন হোসেনসহ নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওসি মনিরুল ইসলাম মামলা দায়ের ও দুই আসামিকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।