বেগুনের ভেতর ৪০ কেজি গাঁজা

আটক তিন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড থেকে বেগুন বোঝাই মিনি ট্রাক তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডিবির ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ওসি ওবায়দুর রহমান জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে জেলার বাইরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়।  ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বেগুনের সাথে দুইটি বস্তা থেকে ৪০ কেজি (১০ প্যাকেট) গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পাচারকারী হিসেবে রবিউল, বাদশা ও বিজলুকে আটক করা হয়। একই সঙ্গে বেগুন বোঝাই মিনিট্রাকটিকেও জব্দ করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতার নাম পাওয়া গেছে। তারা আরো দুজনের নাম বলেছে। ওই দুজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।