কুমিল্লায় এক হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৩ জুলাই) রাতে র্যাবের অভিযানে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর মধ্যপাড়া গ্রামে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. নুর হোসেন পাপ্পু (২৭), মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন শুভ (২৪) ও মো. আমিনুর ইসলামের ছেলে মো. মুঈব বিন ইসলাম (২৫)।
সোমবার (৪ জুন) র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনসিডিলের একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাতে আদর্শ সদর উপজেলার চাঁনপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ওই ৩ জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে- তারা দীর্ঘদিন যাবৎ সিএনজিতে করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।