‘সিআর সেভেন’ ছাড়াও তার আরেকটি ডাকনাম আছে ‘মি.চ্যাম্পিয়নস লিগ’। ১৯ বছরের ক্যারিয়ারে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাঁচটি শিরোপার পাশাপাশি সর্বোচ্চ গোলের (১৪০) মালিক তিনি। তাই মি.চ্যাম্পিয়নস লিগ ট্যাগটা অনায়াসেই তার নামের পাশে বসিয়ে দেওয়া যায়। কিন্তু সেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে যদি চ্যাম্পিয়নস লিগের পরের মৌসুমে দেখা না যায়, তাহলে কেমন লাগবে?
ঠিক এটাই কল্পনা করার পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনালদো। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। বয়স ৩৭ হলেও এখনো শীর্ষ পর্যায়ে খেলার তাড়না আছে তার মনে। গত বছর জুভেন্তাস ছেড়ে শিরোপা জেতার সুপ্ত বাসনা নিয়ে দুই বছরের চুক্তিতে পুনরায় যোগ দিয়েছিলেন ইউনাইটেডে। বছরে প্রায় ২২৫ কোটি টাকা বেতন পাওয়ার পরও মৌসুম শেষেই ভোল পাল্টালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
এর কারণও আছে। গত মৌসুমে ৩৮ ম্যাচে রোনালদো ২৪ গোল করলেও এফএ কাপ, লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরতে হয়েছে রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগ শেষ করে ছয়ে থেকে। যার ফলে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ নেই।
নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে আগামী মৌসুমে নিজেদের ঢেলে সাজাতে চাইছে ইউনাইটেড। হ্যাগ নিজেও জানিয়েছেন, রোনালদোকে দলে রাখতে বেশ উত্সাহী তিনি। কিন্ত রোনালদো থাকতে চাইলে তো? ক্লাবকে বলে দিয়েছেন ভালো অফার আসলে তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে ধরে রাখতে আশাবাদী রেড ডেভিলরা। কিন্তু সবকিছুর চেয়ে যেন চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্যই দিচ্ছেন রোনালদো! আগামী সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর মতে, তাকে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি, বায়ার্ন মিউনিখ, নাপোলি। কোথায় যাবেন রোনালদো?