দৌলতদিয়ায় ফেরিতে আগুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত যানবাহন বোঝাই রো রো (বড়) ফেরি আমানত শাহ এর সাইল্যান্সার পাইপে শনিবার রাতে আগুন লেগে যায়। পরে ফেরি সংশ্লিষ্টদের সাথে ফায়ার সার্ভিসের দল পৌনে এক ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যার পর পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি আমানত শাহ। রাত ৮টার দিকে ফেরিটি দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ার চেষ্টাকালে চালকের বাম পাশের সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। দ্রুত ইঞ্জিন বন্ধ করে দিয়ে ফেরির নিজস্ব ব্যবস্থাপনায় পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিটি ঘাটে ভেড়ানো হলে ফেরি থেকে গাড়িগুলো আনলোড করানো হয়। এসময় ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন চালকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে অনেকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।