টঙ্গীতে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

টঙ্গীতে ছুরিকাঘাতে চুন্নু ভূইয়া (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টায় পূর্ব আরিচপুর মদিনা পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চুন্নু ঢাকা জেলার গেন্ডারিয়া থানার ১৭/ জে দীননাথ সেন রোডের মৃত আব্দুল কুদ্দুস ভূইয়ার ছেলে। বাড়ির মালিকের ছোটভাই কে আর খান নিলু জানান, শনিবার সকালে তাদের বাড়িতে বেড়াতে আসে সে। রাত ১২টায় মিন্টু নামে এক সন্ত্রাসী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে তার মোবাইল ফোনে কার সঙ্গে যেন উচ্চস্বরে বাজে বাজে কথা বলছে। এসময় নিলুর বড়ভাই আতাউর রহমান খান জুয়েল বারান্দা দিয়ে মিন্টুকে অনুরোধ করে সরে কথা বলতে। পরে জুয়েল ও চুন্নু ভূইয়া নিচে নেমে মিন্টুকে পুনরায় অনুরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মিন্টু চুন্নু ভূইয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন চুন্নুকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।