ঢাবিতে পড়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেলো বেলায়েতের 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল মো. বেলায়েত শেখের। এক বুক স্বপ্ন নিয়ে ৫৫ বছর বয়সে ঢাবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। মঙ্গলবার (৫ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেলায়েত গণমাধ্যমকে বলেন, ‘ঢাবিতে হয় নাই, এতে আমার কোনো আফসোস নাই, ভাগ্যের ওপর কিছু নাই। এই বয়সে ইয়াংদের সঙ্গে চেষ্টা করেছি, এটাই বড় অর্জন।’

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দা বেলায়েত শেখ পেশায় একজন সংবাদকর্মী। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন তিনি। সেজন্য প্রস্তুতিও নেন। গত ১১ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। 

মো. বেলায়েত শেখ। ছবি: সংগৃহীত

রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দেওয়ার কথা জানিয়ে বেলায়েত বলেন, ‘আরও তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব। সেখানে চান্স না পেলে প্রাইভেটে পড়ব। তবুও পড়ালেখা চালিয়ে যাব। সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছা আমার। তবে প্রাইভেটে পড়ার খরচ নিয়ে একটু টেনশনে আছি।’

আর্থিক দুরবস্থা ও বাবার অসুস্থতার কারণে ১৯৮৩ সালে নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর বন্ধ হয়ে যায়। এরপর সংসারের হাল ধরেন। পরে ২০১৭ সালে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে ৪ দশমিক ৪৩ জিপিএ নিয়ে তিনি এসএসসি (ভোকেশনাল) পাস করেন। ২০২১ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে এইচএসসি (ভোকেশনাল) পাস করেন।

মো বেলায়েতের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দৈনিক করতোয়া প্রত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি।