মাতুয়াইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ীর মাতুয়াইলে স্থানীয় কাউন্সিলরের ভাড়া বাসা থেকে ঈসমাইল হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈসমাইল হোসেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দিন চন্দনের বাসায় ভাড়ায় থাকতেন এবং ট্রাকের হেলপারি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সময় ঘরের দরজা খোলা ছিল। গতকাল রবিবার যাত্রাবাড়ীর মাতুয়াইল কোনাপাড়া মেইন রোডের বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ঈসমাইলের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।

যাত্রাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম জানান, ঈসমাইল ওই বাসায় ভাড়া থাকতেন এবং পাশের বাড়ির এক মহিলার বাসায় খেতেন। শনিবার দুপুরে সেই বাসায় খেতে যান। কিন্তু রাতে ও রবিবার সকালে না খেতে যাওয়ায় ওই মহিলার ছোট ছেলেকে দিয়ে ডাকতে পাঠান। মহিলার ১২ বছরের ছেলে ঈসমাইলের ঘরে ঢুকে দেখতে পায় যে ইসমাইল রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।