মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাজ্জাদ হোসেন ইমন (১৫)। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপজেলার মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ইমন উপজেলার ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের মৃত ছালেহ আহম্মদ সওদাগরের ছেলে। সে চলতি বছর নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

উপজেলার ওচমানপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন বলেন, ইমন মস্তাননগর এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে সোমবার রাতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে রাত ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

রেলওয়ে পুলিশ (জিআরপি) সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে কেউ মারা যাওয়ার ব্যাপারে জানা নেই। অনেক সময় দুর্ঘটনা ঘটলে আমাদের কাছে খবর আসার আগে পরিবার লাশ নিয়ে গিয়ে দাফন করে ফেলে। কারো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত হয় না। তারপরও খবর নিয়ে দেখছি।