আনোয়ারায় গরু চুরির আতঙ্কে ঘুম নেই কৃষক ও খামারিদের

আনোয়ারায় কার-মাইক্রো করে চুরি করে নিয়ে যাচ্ছে গরু, সিএনজি, ট্রাক নিয়েও গরু চুরি করতে আসছে অনেক চোর। উপজেলার বছরব্যাপী গরু চুরির উপদ্রব থাকলেও ঈদুল আজহাকে ঘিরে তৎপরতা বেড়েছে গরুচোরদের। আর তাই গরু চুরির আতঙ্কে ঘুম নেই উপজেলার খামারি ও কৃষকের চোখে।

গত ১৭ জুন রাতে হাইলধর ইউনিয়নের ইছাখালী থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে যায় মাইক্রো গাড়ি করে আসা চোরের দল। এরপর ১৮ জুন রাতেও হাইলধর ইউনিয়নের ওলঘর এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে ধাওয়া করে দুটি গরু উদ্ধার করতে পারলেও চোররা ছিল নাগালের বাইরে। এভাবে প্রতিনিয়ত উপজেলা জুড়ে বাড়ছে চোরের উপদ্রব। তাই রাত হলেই চোখে ঘুম থাকে না এসব খামারি আর কৃষকের। রাত জেগে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না শক্তিশালী এই চোর সিন্ডিকেটকে।

ভুক্তভোগী বশির আহমদ বলেন, মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত গরু পাহারা দিয়েছি। পরে ঘুমাতে গেলে আমার গরুটি চুরি হয়ে যায়। হাইলধর ইউনিয়নের আকবর নামের এক খামারি বলেন, প্রতিদিন রাতে জোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছি। 

এ বিষয়ে থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘গরু চুরির বিষয়ে অভিযোগ পাইনি। তবুও ঈদুল ফিতরের পর থেকে রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।’