সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম অফিসবেসরকারি কন্টেইনার ডিপোর (আইসিডি) দুটি নীতিমালা বলবৎ থাকার পর আরো একটি নীতিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি ডিপোসমূহের জন্য নীতিমালা-২০১৬ তৈরি করা হয়। যা এখনো কার্যকর রয়েছে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক (এনবিআর) কর্তৃক আবার ২০২১ সালের ১০ ডিসেম্বর পুনরায় একটি নীতিমালা তৈরি করা হয়। তাও কার্যকর রয়েছে। এর ঠিক ছয় মাস পর গত ২১ জুন এনবিআর কর্তৃক আরো একটি নীতিমালা তৈরি করার জন্য কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়, বেসরকারি ডিপোর ক্ষেত্রে একটি যুগোপযোগী নীতিমালা তৈরির জন্য উক্ত কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত প্রাইভেট আইসিডি নীতিমালার জন্যযতগুলো কমিটি গঠন করা হয়েছে তার সবগুলোতে মোটামুটি সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা ছিলেন। শুধু গত ২১ জুনের সর্বশেষ নীতিমালা প্রণয়ন কমিটিতে ফ্রেইট ফরোয়ার্ডাসের কোনো প্রতিনিধি রাখা হয়নি। যদিও আমদানি-রপ্তানির ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে এবং গার্মেন্টস রপ্তানির শতভাগে তাদের অংশগ্রহণ রয়েছে।
১৯৯৮ সালে এনবিআর কর্তৃক প্রস্তুতকৃত নীতিমালার আলোকে বেসরকারি ডিপোসমূহের লাইসেন্স দেওয়া শুরু হয়। এ পর্যন্ত ১৯টি বেসরকারি আইসিডি চট্টগ্রাম শহর ও শহরতলিতে রয়েছে। বেসরকারি আইসিডিসমূহ বন্ডেড ওয়্যার হাউস এরিয়া হিসেবে এর মূল দায়িত্ব কাস্টমস তথা এনবিআর। আবার পণ্য সংরক্ষণাগার ও পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত থাকায় এর অবকাঠামোগত সুযোগ-সুবিধা, সেফটি অ্যান্ড সিকিউরিটিসহ কর্মকাণ্ড বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এর দেখভাল করার দায়িত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ফলে একটি বেসরকারি ডিপোর লাইসেন্স প্রদানের পূর্বে তার সার্বিক বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর বন্দরের সংশ্লিষ্ট কমিটি অনাপত্তি পত্র দিয়ে থাকে।
বেসরকারি ডিপোগুলোর ক্ষেত্রে ২০১৬ সালে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সংস্হার সমন্বয়ে একটি কমিটির মাধ্যমে একটি নীতিমালা করা হয়। এই নীতিমালা হওয়ার পরও বেসরকারি ডিপোগুলোর সংগঠন বিকডার পক্ষ থেকে আপত্তি তোলা হয়। তারা নীতিমালায় বেশ কিছু বিষয়ের ওপর আপত্তি উত্থাপন করে সংশোধনের দাবি জানিয়েছেন বলে বিকডা জানায়। এরপর এনবিআর ২০২১ সালের ১০ ডিসেম্বর আবার সব সংস্হার প্রতিনিধিদের নিয়ে আরো একটি নীতিমালা তৈরি করে। দুটি নীতিমালাই বর্তমানে বহাল রয়েছে। এই সব নীতিমালায় অধিকাংশ ক্ষেত্রে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।