শ্রীলঙ্কায় মোদির ঝটিকা সফর

সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসী হামলা শ্রীলঙ্কাকে দুর্বল করতে পারবে না। মানুষের প্রাণোচ্ছ্বাস বন্ধ করতে পারবে না। কলম্বো আবার জেগে উঠবে এবং এক্ষেত্রে ভারত সর্বদা পাশে থাকবে। গতকাল শ্রীলঙ্কা সফরে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। গত এপ্রিলে ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী মোদিই প্রথম বিদেশি সরকার প্রধান যিনি শ্রীলঙ্কা সফর করলেন। তিনি ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। কলম্বো থেকে গতকালই প্রধানমন্ত্রী মোদি দেশে ফেরেন। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর

মালদ্বীপ সফর শেষে গতকাল সকালে কলম্বো পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। তাঁকে বন্দরনায়েক বিমানবন্দরে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। এরপর পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই ইস্টার সানডেতে সন্ত্রাসী হানায় আক্রান্ত একটি গির্জায় যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকস্থলে যাওয়ার আগে বৃষ্টির মধ্যে পড়েন প্রধানমন্ত্রী মোদি। এই সময় প্রেসিডেন্ট সিরিসেনা ছাতা ধরে বৃষ্টির কবল থেকে প্রধানমন্ত্রী মোদিকে রক্ষা করেন। সিরিসেনা প্রধানমন্ত্রী মোদিকে সত্যিকারের বন্ধু উল্লেখ করে বলেন, সংক্ষিপ্ত সফর হলেও এটা অনেক গুরুত্বপূর্ণ। সিরিসেনার সঙ্গে বৈঠকের আগে প্রেসিডেন্ট হাউসে একটি গাছের চারা রোপন করেন নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, বিরোধী দলীয় নেতা মাহিন্দা রাজাপাকসে এবং তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লি রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদি কলম্বোয় ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে মিলিত হন।