মহম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

উপজেলার খর্দ্দফুলবাড়ি এলাকায় গতকাল রবিবার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত এবং ২৫টি দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, খর্দ্দফুলবাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা শিমুল ও একিনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় চায়ের দোকানে শিমুল সমর্থক শওকত ও একিন সমর্থক ফুলমিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় একটি বসতঘর ও একটি দোকান ভাঙচুর করা হয়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে রবিবার ভোরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ২০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাগুরা সদর হাসপাতাল ও মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।