নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লাম্পি স্কিন রোগে ব্যাপকহারে আক্রান্ত হচ্ছে গরু। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা। কোরবানির ঈদকে সামনে রেখে পরিচর্যা করে আসা অনেক কৃষকের গরুর শরীরে লাম্পি স্কিন রোগ দেখা দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সান্দিকোনা ও বলাইশিমুল ইউনিয়নের বেশ কিছু গ্রামে গবাদিপশুর শরীরে লাম্পি স্কিন রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা, ডাউকী, পূবাটি, গগডী, বেলাটি, হরিগাতি, মাইজহাটী, চরক্ষিদিরপুরসহ আশপাশের অনেক গ্রামে ও বলাইশিমুল ইউনিয়নের কচন্দারা ও কবিচন্দ্রপুর গ্রামসহ ইউনিয়নটির বেশকিছু গ্রামের গরুর শরীরে এ রোগ ছড়িয়ে পড়েছে।
সান্দিকোনা ইউনিয়নের পূবাটি গ্রামের নূর মুহাম্মদ নয়ন জানান, আমার চাচার একটি ষাঁড়গরুর পুরো শরীরে হঠাৎ করে গুটি দেখা দেয় ও পুঁজের মত হয়। শরীরে কাঁপুনি ও যন্ত্রণায় খাওয়া ছেড়ে দেয় আক্রান্ত গরুটি। পরে পশু ডাক্তারদের সাথে যোগাযোগ করলে তারা জানান এটি লাম্পি স্কিন রোগ।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. ভাস্কর চন্দ্র তালুকদারের সাথে কথা হলে তিনি লাম্পি স্কিন রোগ দেখা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন ধরে উপজেলার সর্বত্রই এই রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এন্টিবায়োটিক ঔষধের পাশাপাশি প্রতিদিন ড্রেসিং করতে আমরা আক্রান্ত গরুর মালিককে পরামর্শ দিচ্ছি। এছাড়া প্রত্যেকটা গ্রামে আমাদের টিম কাজ করছে। আশা করি এই ভাইরাসটি অল্প দিনের মধ্যেই দমন হয়ে যাবে।