ঈদের ছুটিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষ বন্ধ ছিল পাঁচ দিন। ছুটি শেষ গতকাল রবিবার প্রথম কর্মদিবসে অফিসে এসেই বিপত্তিতে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের চতুর্থ তলায় মন্ত্রীর কক্ষে মরে পড়ে ছিল একটি ইঁদুর। তীব্র দুর্গন্ধে ওই ঘরে আর বসার জো ছিল না। ফলে গতকাল সকালে অফিসে এসে নিজের কক্ষে আর ঢুকতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে নিজের ঘরেই কর্মকর্তা আর সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আসাদুজ্জামান খাঁন কামাল। কিন্তু ইঁদুর বিপত্তিতে এবার নিজের কক্ষের পাশে ছোট আরেকটি কক্ষে মতবিনিময়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের বাইরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য আমিনুল বলেন, সকালে কক্ষ খোলার পর মরা ইঁদুরটি দেখতে পান তারা। পচে দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই ওটা সরিয়ে ফেলা হয়, কিন্তু দুপুরেও দুর্গন্ধ যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের জালানাগুলো ফিক্সড করা, তাই খোলা যাচ্ছে না। বাতাস চলাচলের জন্য দরজা খুলে রাখা হয়।
পরিস্থিতি দেখতে কয়েকজন সাংবাদিকও স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে ঢুকেছিলেন। কিন্তু তীব্র দুর্গন্ধে তারা আর ভেতরে দাঁড়াতে পারেননি। আমিনুল বলেন, ওই ভবনের বিভিন্ন কক্ষে ইঁদুরের উত্পাত আছে। ইঁদুর মারার জন্য মন্ত্রীর কক্ষে আঠা দিয়ে ফাঁদও পাতা হয় মাঝে মধ্যে।