ববিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত শিক্ষার্থী আহত হয়েছেন। 

মঙ্গলবার মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটা এ সংঘর্ষের ঘটনায় আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, অমিত হাসান রক্তিম, ময়িদুর রহমান এবং মহিউদ্দিন আহম্মেদ সিফাত, সৈয়দ রুম্মান ইসলাম গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই ছাত্রলীগের পৃথক দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরে। হামলা পালটা হামলায় উভয় পক্ষের সাত জন গুরুতর আহত হয়। 

অমিত হাসান রক্তিম বলেন, সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের ওপর হামলা ও পালটা হামলার কারণ জানাতে রাজি হননি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুইদল ছাত্রের মধ্যে মারামারি হয়। এতে ছয় জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার বিষয়টি নিয়ে বসবেন বলেও জানান তিনি। এদিকে রাতের ঘটনায় থানা পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই মেহেদি হাসান।