বানভাসিদের সাহায্যে শিশুদের আঁকা ১৭ ছবি কিনলেন মেয়র

সিলেটে বানভাসি মানুষকে সাহায্যের জন্য চারুকলা বরিশালের শিশু শিল্পীরা বিক্রয়ের জন্য ছবি এঁকেছেন। আর সেই ছবি ২ লাখ টাকায় ক্রয় করেছেন বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে বরিশাল ক্লাবে অঙ্কিত ছবিগুলো গ্রহণ করেন মেয়র। চারুকলা বরিশালের সংগঠক তমাল রায় বলেন, সিলেটে বানভাসি মানুষকে সাহায্যার্থে চারুকলা বরিশালের শিল্পীরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

শিল্পীদের অঙ্কিত ছবি বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষ্যে মঙ্গলবার রাতে চারুকলা শিশু শিল্পীরা বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর কাছে তাদের অঙ্কিত ছবি নিয়ে গেলে তিনি ১৭টি ছবি গ্রহণ করেন। জল রং, প্যাস্টেলসহ বিভিন্ন মাধ্যমে এ ছবিগুলো গ্রহণ করে দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। 

মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, শিশুরা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সুন্দর। মানবতার জন্য এভাবে এগিয়ে আসতে হবে। সিলেট বাংলাদেশের অংশ সেখানে যে অবস্থা চলছে তা অসহনীয়। শিশুরা বানভাসিদের পাশে দাঁড়াতে ১৭টি ছবি অঙ্কন করেছে। আর সেই ছবিগুলো আমি তাদের কাছ থেকে ক্রয় করেছি। ছবি বিক্রয়লব্ধ অর্থ দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পৌঁছানো হবে বলে চারুকলা বরিশালের সংগঠকরা জানিয়েছেন। 

ছবি প্রদান অনুষ্ঠানে চারুকলা বরিশালের সাধারণ সম্পাদক রনি দাস, সাবেক অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চারুকলা বরিশালের আয়োজনে বানভাসি মানুষের সাহায্যার্থে এই ছবি বিক্রয় কর্মসূচি আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।