খাদ্যপণ্যের জন্য ঝুঁকিমুক্ত প্রক্রিয়ায় তৈরি পাটজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা দেওয়া হবে। এছাড়া, পাট দিয়ে তৈরি ফুড গ্রেড ব্যাগ, কাপড়, সুতা ও টোয়াইন (শক্ত সুতা বা দড়ি) রপ্তানিতে প্রণোদনা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে প্রণোদনা পেতে এসব পণ্যে ন্যূনতফাম ৫০ শতাংশ মূল্যমানের পাট ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের ঐ নির্দেশনায় বলা হয়, হেসিয়ান, সেকিং, সিবিসি, ছয় কাউন্ট ও তদূর্ধ্ব পাট সুতা ছাড়া ফুড গ্রেড ব্যাগ, কাপড়, সুতা ও টোয়াইন রপ্তানিতে প্রণোদনা মিলবে। ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট পাটজাত পণ্য রপ্তানিতে ২০ শতাংশ ভর্তুকি ঘোষণা করা হয়। একই হারে উল্লেখিত পাটজাত পণ্য রপ্তানিতে নগদ অর্থসহায়তা দেওয়া হবে।