চট্টগ্রামের সংবাদপত্র বিপণন ব্যবসার প্রবীণ এজেন্ট মোহাম্মদ ইব্রাহিম (৮৬) আর নেই। গতকাল রবিবার সকালে নগরীর পাঁচলাইশ মিমি আবাসিক হাউজিং সোসাইটির বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সংবাদপত্র জগতে শোকের ছায়া নেমে আসে। মোহাম্মদ ইব্রাহিমের ১ম নামাজে জানাজা গতকাল বাদ জোহর পাঁচলাইশ মিমি আবাসিক হাউজিং সোসাইটির সামনে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ শাহ্ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নগরীতে অনুষ্ঠিত ১ম জানাজায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব কাজী মহসিন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।