গোয়াদর বন্দর বন্ধ করার হুমকি দিলেন বেলুচ নেতা

পাকিস্তানের পশ্চিমাঞ্চলের রাজ্য বেলুচিস্তানের নেতা মাওলানা হিদায়াতুর রেহমান রাজ্যের গোয়াদর বন্দর বন্ধ করার হুমকি দিয়েছেন। দেশটির জলসীমায় চীনা ট্রলারের চলাফেরা বন্ধ না করলে এই ব্যবস্থা নেবেন তিনি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই থেকে গোয়াদর বন্দর বন্ধ করার হুমকি দিয়েছেন মাওলানা হিদায়াতুর। কারণ বেলুচিস্তানের জলসীমায় চীনা মাফিয়াদের ট্রলারে করে মাদক দ্রব্য পাচার হচ্ছে। এছাড়া কয়েকশো চীনা মাছ ধরার নৌকা এখানে এসে মাছ ধরছে। যা স্থানীয় জেলেদের জীবিকায় প্রভাব ফেলছে।

এক সংবাদ সম্মেলনে মাওলানা হিদায়াতুর বলেন, চলতি বছরের এপ্রিলে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সরকার প্রতিশ্রুতি পূরণ না করায় প্রতিবাদ হিসেবে বন্দর বন্ধ রাখা হবে।

তিনি বলেন, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আব্দুল কুদোস বিজেনজো গোয়াদরে এসেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ট্রলার মাফিয়া, মাদক চোরাচালান, অপ্রয়োজনীয় চেকপোস্ট সরানো হবে।

এসময় বেলুচিস্তানের বিরোধীদলগুলোর সমালোচনা করে মাওলানা হিদায়াতুর বলেন, তারা এই অনিয়ম দেখেও কোনো আওয়াজ তোলেনি। এপ্রিলে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সরকার প্রতিশ্রুতি পূরণ না করার পরেও তারা চুপ।

সম্প্রতি গোয়াদর বন্দরের আশপাশে মূলত চীনা মাছ ধরার নৌকাগুলো মাছ ধরছে। সেই মাছ তারা আন্তর্জাতিক বাজারে বিক্রিও করছে। এতে গয়াদরের অন্তত ২০ লাখ জেলের জীবিকায় বাধা সৃষ্টি হচ্ছে।