নেত্রকোনা জেলায় চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহে ধীর গতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশংকা প্রকাশ করা হয়েছে। এদিকে চুক্তিবদ্ধ মিলারদের চাল সরবরাহের জন্য সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, জেলায় ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে বুধবার পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র ১০০ টন। বন্যার করাণে ভাটা পড়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এ আর খান পাঠান সাকি বলেন, মিলাররা সরকারের গুদামে চাল দিতে প্রস্ত্তত এবং প্রতিদিন কিছু না কিছু চাল গুদামে সরবরাহ করছে। তবে আকস্মিক ভাবে ধানের মূল্য বেড়ে যাওয়াতে এবং ভয়াবহ বন্যাজনিত কারণে চাল দিতে সমস্যা হচ্ছে।
নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য খাদ্যবিভাগ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে চুক্তিবদ্ধ মিলারদের নিজ নিজ বরাদ্দ অনুযায়ী চাল সরবরাহের জন্য সতর্ক করে নোটিশ প্রদান করা হয়েছে। মাস খানেক যাবত বন্যার কারণে ধানচাল সংগ্রহ কিছুটা ব্যাহত হচ্ছে। ধান চাল সংগ্রহের শেষ তারিখ ৩১ আগস্ট। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।