সুদানে অসহযোগ আন্দোলনের ডাক বিরোধীদের

সুদানে বিক্ষোভকারীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল রবিবার রাজধানীসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাসও নিক্ষেপ করে পুলিশ। খবর আল-জাজিরা ও বিবিসির

বিক্ষোভকারীরা বলেছেন, বেসামরিক সরকারের হাতে সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে। চিকিত্সকদের একটি সংগঠন জানিয়েছে, দুই বিক্ষোভকারীকে পিটিয়ে এবং ছুরিকাঘাতে এবং দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমে টায়ার জ্তালিয়ে এবং রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা চাকরিজীবীদের অফিসে যেতেও বাধা দিচ্ছেন।

সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন (এসপিএ) জানিয়েছে, রবিবার থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগে বিরোধীদলের সমর্থকরা বলেছেন, গত ক’দিনে ১১৩ জন নিহত হয়েছেন। কিন্তু সরকার ৪৬ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। অনেকের মৃতদেহ নীল নদ থেকে উদ্ধার করা হয়েছে। সুদানে বড় ধরনের রাজনৈতিক সংকট চলছে যার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে জুনের প্রথম সপ্তাহ থেকে। ৩ জুন বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে দেশটি অরাজকতার মধ্যে পড়েছে।