প্রথম দুই ওভারে কোনো বাউন্ডারি নেই। অবশ্য বলা যায়, বাউন্ডারি মারার কোনো চেষ্টাই করেননি দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। সিঙ্গেল বের করার চেষ্টা করেছেন এবং তাতে সফল দুজনই। তৃতীয় ওভারে গিয়ে প্রথম বাউন্ডারির দেখা পায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর দুই অঙ্কের ঘর পাড়ি দিলো ওপেনিং জুটি।
মনে হচ্ছিল বেশ সাবলিল দুজন। কিন্তু জুটিটা বড় হতে গিয়েও হলো না। দলের স্কোর তখন ৩৫, পঞ্চম ওভারের তৃতীয় বল করতে আসেন ওডেন স্মিথ। সজোরে ব্যাট চালান এনামুল। বলটি ব্যাটের কানায় লেগে পেছনের বাউন্ডারিতে চলে যায়। দৌঁড়ে এসে সহজ ক্যাচ তালুবন্দি করেন আকিল হোসাইন। আউট হওয়ার আগে ১১ বলে ১০ রান করেন এনামুল।
এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই ওডেন স্মিথের বল বাউন্ডারি ছাড়া করেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তিনি। পরের ওভারের তৃতীয় বলে রোমারিও শেফার্ডের ডেলিভারিতে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। সেটি দুর্দান্ত ক্ষিপ্রতায় তালুবন্দি করেন ওডেন। সাকিব ফেরেন ৩ বলে ৫ রান করেন।
এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ে তোলার চেষ্টা করছেন লিটন। আফিফ ১৪ ও লিটন ৩৫ রানে অপরাজিত।