পদ্মা সেতুর জন্যই ঈদে দক্ষিণাঞ্চলবাসী নির্বিঘ্নে ঘরে ফিরছে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এবারের ঈদে দক্ষিণাঞ্চলের ঘর মুখো লাখো মানুষ পদ্মা ব্রিজের জন্যই নির্বিঘ্নে স্বস্তিতে ঘরে ফিরছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ফসল পদ্মা ব্রিজ। তিনি বলেন, পদ্মা ব্রিজের কারণে দক্ষিণাঞ্চলের আমূল পরিবর্তন ঘটবে। মিল কলকারখানা সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হবে। ফলে এলাকার বেকারত্ব দূর হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে পুরো দক্ষিণাঞ্চল।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে তার নিজ বাসভবনে মজিবুর রহমান চৌধুরী নিক্সন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, এই ব্রিজ দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আশীর্বাদ স্বরূপ। পদ্মা ব্রিজ উদ্বোধনের আগে দক্ষিণাঞ্চলবাসীর রাজধানী ঢাকা থেকে ঘরে ফিরতে দিন পার হয়ে যেত। মাওয়া ও কাঁঠালবাড়ি ঘাটে ফেরি ও লঞ্চের নানা ভোগান্তিসহ বিভিন্ন দুর্ঘটনার স্বীকার হতো। সেখানে পদ্মা ব্রিজের জন্য মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মানুষ তার নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে। 

তিনি বলেন, পদ্মা ব্রিজ দিয়ে প্রচুর যানবাহন চলাচলের কারণে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ফ্লাইওভার ও দক্ষিণপাড় বাস স্ট্যান্ড কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে আমি হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশকে যানজট নিরসনের জন্য নির্দেশনা দিয়েছি। পুলিশ যথাসময়ে দায়িত্ব পালনের কারণে বড় ধরনের কোন যানজটের সৃষ্টি হয়নি। আশা করা যাচ্ছে সুন্দর ও মনোরম পরিবেশে মানুষ ঘরে ফিরতে পারবে এবং ঈদের আনন্দ পরিবার-পরিজনের সাথে ভাগাভাগি করে যথাসময়ে রাজধানীতে এসে নিজ কর্মে যোগদান করতে পারবে।

নিক্সন চৌধুরী এ সময় আরও বলেন, ২০১৪ সালে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের মনোনীত এমপি নির্বাচিত করেছেন। সেই থেকে আমি আমার আত্মার সঙ্গে জনগণকে সঙ্গী করেছি। প্রতিটা ঈদ আমি তাদের সঙ্গে উদযাপন করে আসছি। এবারের ঈদুল আযহা আমি ফরিদপুর-৪ আসনের জনগণের সঙ্গে উদযাপন করবো।