জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থক্ষেত্র মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত। শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায় অল্প সময়ের মধ্যে প্রবল বৃষ্টি হয়। এতে ভেসে গেছে ২৫টি পুণ্যার্থীর শিবির। প্রাণহানি ঘটেছে ৯ জনের। নিখোঁজ অনেকে। দেশটির পুলিশের শঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবারের এই ঘটনায় ঘটনাস্থলে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে গেছে। উদ্ধার কাজ অব্যাহত আছে। ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনী হেলিকপ্টার নিয়ে পৌঁছেছে এলাকায়।
তারা জানিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথের গুহার ওপর থেকে হঠাৎ করেই পানি নামতে শুরু করে। তারপরই ওই এলাকায় পানি ঢুকতে শুরু করে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তাতে দেখা যাচ্ছে, প্রবল স্রোতে পানি ঢুকছে রাস্তা দিয়ে।
উদ্ধারকারীরা জানিয়েছে, পুণ্যার্থীদের খাবার এবং আশ্রয়য় দেওয়ার বেশ কয়েকটি লঙ্গরখানা আক্রান্ত হয়েছে ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া আচমকা জলস্ফীতিতে। একটি সূত্রে জানায়, সেই সময় ওই এলাকার কাছেই ছিলেন ১০ থেকে ১২ হাজার পুণ্যার্থী।