নীলফামারীর সৈয়দপুরে নাবিল পরিবহন নামে একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মোহন (১৪) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাচালকসহ দুইজন।
রবিবার রাত সোয়া ১২টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ মোহন উত্তরা আবাসনের নান্নু মিয়ার ছেলে। সে সৈয়দপুর প্লাজায় চটপটির দোকানে কাজ করতো।
আরও পড়ুন: রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগিনা নিহত
দুর্ঘটনায় গুরুতর আহত অপর রিকশা যাত্রী পারভেজ হোসেন ও রিকশা চালক সফিকুল ইসলামকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই বাসটি আটক করে ভাংচুর চালায় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ঘটনাস্থল উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম