শ্রীলঙ্কায় গত কয়েকমাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ শনিবার (৯ জুলাই) বিপজ্জনক মোড় নিয়েছে। এদিন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা জোর করে কলম্বোতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। তবে এর আগে গোটাবায়াকে বাসভবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়।
এদিকে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক জাহাজে স্যুটকেস বোঝাই করা হচ্ছে এমন ভিডিও প্রকাশ পেয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছেন, সেসব স্যুটকেস প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের।
ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি 'এসএলএনএস গজবাহু' জাহাজে বড় স্যুটকেস বহন করছে। তিনব্যক্তিকেই ভিডিওতে তাড়াহুড়া করতে এবং দৌড়াতে দেখা যায়।
নিউজ১ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বো বন্দরের হারবার মাস্টার বলেছেন একটি দল এসএলএনএস সিন্দুরালা এবং এসএলএনএস গজবাহুতে চড়ে বন্দর ছেড়ে চলে গেছে। তবে জাহাজে করে ঠিক কারা যাচ্ছিলেন সে সম্পর্কে স্পষ্ট জানাতে পারেননি এই ব্যক্তি।
দেশটির সরকারের শীর্ষ এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন, গত রাতে প্রেসিডেন্টকে আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেসিডেন্টের একটি গাড়িবহর দেখা গেছে, তবে তিনি দেশ ছেড়েছেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে খাবার সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রচণ্ড টান পড়ায় জ্বালানি তেল, খাদ্য এবং ওষুধ পর্যন্ত আমদানি করতে পারছে না সরকার।
এরই প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে 'আর্থিক অব্যবস্থাপনার' অভিযোগে গত কয়েকমাস ধরে দেশটির সর্বস্তরের মানুষ বিক্ষোভ করছে। কিন্তু শনিবার পরিস্থিতি চরম আকার নেয় যখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কলম্বোতে এসে শহরের যে এলাকায় সরকারি অফিস-আদালত এবং মন্ত্রী কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেখানে ঢুকে পড়ে।
এক পর্যায়ে, 'গোটা গো হোম' (গোটা বাড়িতে চলে যাও) স্লোগান দিতে দিতে অনেক মানুষ জোর করে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে।