কক্সবাজার শহরের একটি রিসোর্টে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠার পর তরুণী হত্যার পর পালিয়ে যাওয়া সঙ্গীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোবারক (২৫) শহরের পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. সালেহর ছেলে।
র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, গত ৭ জুলাই ভোরে স্বামী-স্ত্রী পরিচয়ে লাইটহাউজ এলাকার ‘নির্জন রিসোর্টের’ ১০৬ নম্বর কক্ষ ভাড়া নেন ওই তরুণ-তরুণী। বেলা ১১টার দিকে রিসোর্ট কর্তৃপক্ষ ওই কক্ষে গিয়ে দেখতে পান বাইরে থেকে তালা দেওয়া। পরে কক্ষের ভিতরে গিয়ে দেখেন, গলায় ওড়না পেঁচানো ও হাতবাঁধা অবস্থায় তরুণীর মরদেহ খাটের ওপর রয়েছে। আর স্বামী পরিচয়দানকারী যুবক পালিয়ে গেছে। পরে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার (৮ জুলাই) সকালে ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর হত্যাকাণ্ডের বিষয়টি র্যাব অবগত হয়ে পলাতক সঙ্গীকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামি মোবারককে শুক্রবার রাতে পাহাড়তলী থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক জানান, বিয়ে ও টাকা লেনদেনের বিরোধে দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড হয়েছে।