শনিবার (০৯ জুলাই) দিনভর প্রচন্ড যানজটের পর সন্ধ্যা থেকে যটমুক্ত হয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কোন ধরণে যানজট লক্ষ্য করা যায়নি। রাস্তায় যানবাহনের পরিমানও কমে গেছে। কিছু যানবাহন চলাচল করলেও অধিকাংশ এলাকায় রাস্তা ফাঁকা রয়েছে।
সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড হয়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত মহাসড়ক ফাঁকা। দু’চারটি দূরপাল্লার গাড়ি থাকলেও সেসব গাড়িতে যাত্রীর সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ বাড়ি চলে যাওয়ার কারণে গাড়ির চাপ নেই বলে মনে করছেন স্থানীয়রা। এ সময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সন্ধ্যায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এর আগে ০৮ জুলাই ( শুক্রবার ) সন্ধ্যার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টানা যানজটে চরম দুর্ভোগে পরতে হয় ঈদে ঘরমুখী মানুষকে। মহাসড়কের মাঝে একই জায়গাতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন ধরণের যানবাহন। একমুখী গাড়ির চাপে সমস্ত রাস্তাই বন্ধ ছিল। কোন কোন জায়গায় ৫-৬ ঘণ্টা সময় ধরে স্থবির হয়ে দাঁড়িয়ে ছিল এসব যানবাহন। ফলে যাত্রীরাও চরম দুর্ভোগে পরেছিল।