পদ্মা সেতুর ওপর গাড়ি থেকে নামা, সেতুতে দাঁড়ানো এবং ছবি তোলা সম্পূর্ণ নিষেধ থাকার পরও নেতা-কর্মীদের সঙ্গে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। ছাত্রলীগ নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা গেছে, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন।
জানা গেছে, ছাত্রলীগ সভাপতি জয়ের বাড়ি বরিশালে। ঈদ উদযাপন করতে শনিবার তিনি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বাড়ি যান। এ সময় তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
তবে, সঙ্গে থাকা ছাত্রলীগ সহ-সভাপতি তিলোত্তমা সিকদার বলেন, ‘পদ্মা সেতু দিয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছি, সেই আবেগ থেকে সেতুতে দাঁড়িয়ে ছবি তুলেছি।’
তিনি আরও বলেন, 'সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা ঠিক না। কিন্তু সেনাবাহিনীর অনুমতি নিয়ে মাত্র ৩ মিনিটের জন্য ছবি তুলেছি। সব সময় আমরা নিয়ম মেনে চলার চেষ্টা করি।’