রাঙামাটিতে সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ল ট্রাক

রাঙামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কের মালবাহী ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। পরে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে পুরো ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার  ভোর ৬ টার দিকে বাঘাইছড়ি দীঘিনালা সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুনে বাবা-মেয়েসহ দগ্ধ চার

এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর বলেন, আগুনের বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল সাজেক থানায় হওয়ায় সাজেক থানার ওসি দেখছেন বিষয়টি। পরে সাজেক থানার ওসি নুরুল আনোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ক্যাম্পে আছি বিষয়টি আমাদের থানায় পড়েনি কবাখালি দীঘিনালা থানায় পড়েছে।

আগুনের এ বিষয় নিয়ে পুলিশের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ী নেতারা। বাঙ্গালি সংগঠনের নেতা মো. আবছার উদ্দিন বলেন, ‘অনতিবিলম্বে এসব পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে জনগণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

ইত্তেফাক/এমআরএম