চাটমোহরে বাস উল্টে নারী-শিশুসহ আহত অন্তত ৩০ 

পাবনার চাটমোহরে বিয়ের কনেযাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঈদের দিন রবিবার (১০ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার  ডিবিগ্রাম ইউনিয়নে বামনগ্রাম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, রবিবার বিকেলে চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লার লক্ষণ হলদারের পরিবারের ৪০জন সদস্য একটি বাসযোগে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে বামনগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বামনগ্রাম রেলগেট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হন। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে চাটমোহরসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন। এরমধ্যে ২২ জনকে পাবনা ও চাটমোহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, আহদের মধ্যে গুরুত্বর অবস্থায় চাটমোহরের জিতু হলদার (১০) মাখন হলদার (৬২) সিমা হলদার (৩৫) রেপতি হলদার (৬৭) কমল হলদার (৪৫) মিলন হলদার (৪৫) রঞ্জনা হলদার(৪৬) অর্পণা হলদার (৪০) আন্না হলদার (৩৩) জিতেন হলদার (৬০) বর্না রানী হলদার (২০) সোমা হলদার (২৭) কে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া লক্ষ্মণ হলদার (৬৮) নগেন চন্দ্র হলদার(৫৮) ভাদু হলদার (৭০),প্রনতি রানী হলদার (৩৫),অমৃতা হলদার (১২),তমা হলদার( ৯),পল্লব হলদার (১২),সুকুমার পাল (৪০),পুলক হলদার (৪৩),ছবি রানী হলদার (৪০) কে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের  প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

ওসি আরও জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ খবর নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।