শরিফুলের জোড়া শিকারের পর মিরাজের আঘাত

বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় ম্যাচ নেমে আসে ৪১ ওভারে। এতে টস জিতে ফিল্ডি‍ং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ দিচ্ছেন বাংলাদেশি বোলাররা। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চেপে ধরেন। তাদেরকে হাত খুলে মারার কোনো সুযোগই দিচ্ছেন না তাসকিন-মিরাজরা।

২২ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ মাত্র ৫৫ রান। উইকেট হারিয়েছেন ৪টি। এর মধ্যে ২১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। পরের বলে হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগান। তবে এলবিডব্লিউর আবেদন করলে তাতে সাড়া দেননি আম্পায়ার।

প্রথমেই ৩১ বলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান। শরিফুলের গুড লেন্থের স্ট্যাম্প বরাবর বলটি মারতে গিয়ে উপরে তুলে দেন ব্রেন্ডন। দারুণভাবে সেটি তালুবন্দি করেন মিডঅফে দাঁড়ানো এনামুল হক বিজয়। পরের বলেই শিকার আরেক সেট ব্যাটার শামরা ব্রুকস। শরিফুলের বলটি আউটসাইড-এজ হয়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ধরা পড়ে। আবেদন করলে সঙ্গে সঙ্গেই সাড়া দেন আম্পায়ার। আউট হওয়ার আগে ৬৬ বল মোকাবিলায় ৩৩ রান করেন ব্রুকস।

এই রিপোর্ট লেখার সময় আরও এক উইকেটের পতন। আবারও মেহেদী হাসান মিরাজের সাফল্য। ২৬তম ওভারের তৃতীয় বলে ৯ রান করা রোভম্যান পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এর আগে শাই হোপ ও কাইল মায়ার্সকে ফেরান মুস্তাফিজুর রহমান ও মিরাজ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৬.৩ রওভারে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান। নিকোলাস পুরান ৯ রানে অপরাজিত।