পদ্মা সেতুতে গত তিন দিনে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা। এ হিসাব গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে ঈদের আগের তিন দিন বঙ্গবন্ধু সেতু হয়ে এক লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে নয় কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা। রবিবার (১০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য নিশ্চিত করেছে।
পদ্মা সেতুতে বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। আর শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা এ পর্যন্ত এক দিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। আর সেতু চালু হওয়ার পর প্রথমবারের মতো এক দিনে ৪ কোটি টাকা আদায়ের রেকর্ড। শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।
গত তিন দিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে ৪৪ হাজার ৫৭৫টি যানবাহন। এতে এ পথে ৫ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।
এদিকে গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ যমুনা সেতুতে টোল আদায় হয়েছে। ওইদিন তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হয়। স্বাভাবিক সময়ে ১৩-১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। এই তিন দিন পারাপার হয়েছে কয়েকগুন বেশি যানবাহন।
সেতুর টোল প্লাজা সূত্র জানায়, বুধবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিলো ২৫ হাজার ১১৩টি। আর ঢাকাগামী যানবাহন ছিলো ১৮ হাজার ৪৮২টি।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৯ হাজার ৭২টি যানবাহন উত্তরবঙ্গের দিকে এবং ১২ হাজার ৮৭৮টি যানবাহন ঢাকার দিকে যায়। ওইদিন টোল আদায় হয় তিন কোটি নয় লাখ ছয় হাজার ৫০ টাকা।
সর্বশেষ শুক্রবার রাত ১২টা থেকে ঈদের আগের দিন শনিবার রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৯৩৮টি যানবাহন পারপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৪৩৫টি উত্তরবঙ্গের দিকে এবং ১০ হাজার ৫০৩টি ঢাকার দিকে পার হয়। টোল আদায় হয় দুই কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা।