ঢালিউডের আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। ঈদের দিন দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার ১২০ কোটি বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’। এতে তার বিপরীতে এতে অভিনয় করেছেন আফিয়া নুসরাত বর্ষা। ছবি মুক্তির পরদিন স্ত্রী বর্ষাকে নিয়ে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে গিয়েছিলেন অনন্ত জলিল। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনন্ত-বর্ষা।
অনন্ত জলিল বলেন, ‘আমাদের চলচ্চিত্র বাঁচাতে হবে। এটি করতে গেলে সবার ছবি দেখতে হবে। আমি কাউকে কখনো শত্রু মনে করি না। বন্ধু ভাবি। এবার ঈদে যে তিনটি সিনেমা এসেছে সেগুলো মানুষ দেখুক। তারা যখন সিনেমা দেখবে, তখন আমরা সবাই সিনেমা বানাতে উৎসাহ পাবো।’
অনন্ত জলিলের কথায়, ‘দীর্ঘ ৮ বছর পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছি। আমার ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমায় যেমন হল কানাই কানাই ভর্তি ছিলো আজকেও তেমনটা দেখছি। অনেকেই বলেন-বাংলাদেশে সিনেমা চলে না। এই কথাটি ভুল। এখনো মানুষ সিনেমা দেখে। তার প্রমাণ আজ পেলাম।’
নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বলেন, ‘৪ বছর পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে। সেজন্য আমি অনেক নার্ভাস। এই ৪ বছর ‘দিন দ্য ডে’ সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি শুধু একটা কথাই বলবো- ঈদে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই আমাদের দেশের ছবি। আমরা চলচ্চিত্র শিল্পী। আমরা ভালো করি বা খারাপ করি সেটা মানুষ সিনেমা দেখার পর বলতে পারবেন।’