রোনালদো বিক্রির জন্য নয়, জানিয়ে দিলেন নতুন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তার দলের প্রধান তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই গ্রীষ্মে বিক্রি করার কোনো ইচ্ছে নেই। যদিও ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ইচ্ছের কথা নিজেই জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি খেলতে চান রোনালদো। তাকে ছাড়া সমর্থকদের কাছেও টুর্নামেন্টটির জৌলুশ কিছুটা হলেও কমে যাবে। সেটা হয়তো বুঝতে পেরেছেন সিআরসেভেন নিজেও। তাই এই গ্রীষ্মেই ম্যানইউ ছাড়তে চান পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের বড় তারকাকে বিক্রি করার কোনো ইচ্ছে নেই। তাদের ২০২২-২৩ মৌসুমের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন তিনি।

এদিকে এরিক টেন হাগ বলেছেন, ‘ব্যক্তিগত কারণে সে (ক্রিশ্চিয়ানো রোনালদো) এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। আমরা তাকে সঙ্গে নিয়েই এই মৌসুমের পরিকল্পনা করছি। আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ক্রিশ্চিয়ানো বিক্রির জন্য নয়। সে আমাদের পরিকল্পনায়। আমরা একসঙ্গে সফলতা আনতে চাই।’