লাঞ্চের আগে ফিরলেন মুমিনুল হক

সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিটা বেশ জমে উঠেছিল। কিন্তু লাঞ্চের আগে শেষ ওভারে আউট হলেন মুমিনুল হক। পেসার কেমার রোচের অফ স্টাম্পে শর্ট বল পুল করতে গিয়ে মিড অফে রোস্টন চেজের হাতে ক্যাচ দেন। ৪৬ বলে ২ চারে ২৯ রান করে ফেরেন মুমিনুল।  লাঞ্চ বিরতির সময় ৩৩ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। 

 

এর আগে বাজে শট খেলে আউট হন সৌম্য সরকার। অফ স্পিনার রোস্টন চেজের অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করে ফেরেন সৌম্য। তার বিদায়ে ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি।

 

সকালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়।

 

চট্টগ্রামের স্পিন জাদুতে সফরকারীদের নাকাল করে তিন দিনেই ৬৪ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে সিরিজে হারের সুযোগ নেই বাংলাদেশের। এই অবস্থান থেকে হয় জয় বা সিরিজ ড্র করতে পারে স্বাগতিকরা। তবে ২-০ তে সিরিজ জেতার জন্য মুখিয়ে বাংলাদেশ।

 

 

ইত্তেফাক/ ইউবি