সাউন্ডবক্সে বিকট শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে দু’টি পিকআপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে পিকআপ দু’টি জব্দ করা হয়।
পিকআপে থাকা মো. নোমানসহ কয়েকজন যুবক বলেন, ‘রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। ঈদ উপলক্ষে পদ্মা সেতু দেখার জন্য স্বজনরা মিলে ঘুরতে এসেছি। আনন্দ করার জন্য সাউন্ডবক্স নিয়ে আসছিলাম। আমরা জানতাম না যে সাউন্ডবক্স নিয়ে আসা যাবে না। তাহলে আসতাম না।’
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিকট শব্দে গান বাজাতে বাজাতে সেতুতে উঠছিল দু’টি পিকআপ। সেখানে থাকা যাত্রীরা গান বাজিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করায় ট্রাফিক পুলিশ পিকআপ দু’টি জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। যানবাহন দু’টি বর্তমানে থানায় আছে। তাদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে।’