শুরু হচ্ছে শাকিরা-পিকের আইনি লড়াই!

দীর্ঘ একযুগের সম্পর্কের অবসান ঘটেছে। গত ৪ জুন বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা এবং তারকা ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকে। গত কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমের হেডলাইন জুড়ে আছেন এই তারকা জুটি।

এ মুহুর্তে সবার মনোযোগ এ জুটির দুই সন্তানের কাস্টডির ওপর। গায়িকা শাকিরা ও ফুটবলার পিকে দুজনেই সন্তানদের নিজের সঙ্গে রাখার জন্য ইতোমধ্যে আইনজীবী ঠিক করেছেন। তারা দুজনেই এ বিষয়ে পারদর্শী এমন দুইটি আইনি ফার্মের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

তবে এ জুটি পরিষ্কার করে জানিয়েছেন, এসব আইনি প্রক্রিয়ার কারণে তাদের সন্তানদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন। তাই আইনি প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চান।

ছবি: সংগৃহীত

শাকিরা জানিয়েছেন তিনি মিয়ামিতে ফিরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান। এদিকে সাবেক বার্সেলোনা তারকার ইচ্ছা তার সন্তানেরা বার্সেলোনায় থেকে পড়ালেখা চালিয়ে যাক।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শাকিরা-পিকে দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এ সমস্যার সমাধান আপসে চান, নাকি আইনি প্রক্রিয়ায় যেতে চান। আইনি প্রক্রিয়ায় হলে, তাদেরকে প্যাটার্নাল কাস্টডির জন্য আদালতের দ্বারস্থ হতে হবে।

আপাতত শাকিরা ও পিকে চূড়ান্তভাবে সবকিছু মিটিয়ে ফেলার আগে তাদের সম্ভাব্য শেষ 'মুখোমুখি' মুহূর্তগুলো কাটাচ্ছেন। তবে দুজনেই বর্তমানে কোনো বিষয় নিয়ে মুখ খুলছেন না। সূত্র: মার্কা।